বর্তমান সরকার তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে চায়। কারণ, দেশে-বিদেশে এ ক্ষেত্রে দক্ষ জনশক্তির বিপুল চাহিদা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক আয়োজন ই-এশিয়া উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। শেখ হাসিনা তাঁর সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা নাগরিক সেবার উদাহরণ দিয়ে বলেন, ২০২১ সালের অনেক আগেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা যাবে। দেশের চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে এখন প্রতি মাসে ৪০ লাখ মানুষ তথ্য সেবা পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, দেশে এক হাজার ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হয়েছে। আগামী বছরে মোট ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের শ্রেণীকক্ষ স্থাপন করা হবে। তিনি সাবমেরিন কেব্ল নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানো ও ইন্টারনেটের খরচ কমানোর কথাও উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান স্বাধীনতার ৪০ বছর পূর্তির এই ডিসেম্বর মাসে ই-এশিয়ার আয়োজনকে ডিজিটাল বাংলাদেশের পথে একটি উল্লেখযোগ্য অগ্রযাত্রা হিসেবে উল্লেখ করেন।ই-এশিয়া এশিয়া মহাদেশের অন্যতম বড় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক আয়োজন। বাংলাদেশে এর পঞ্চম আসর বসেছে। এর আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ভারতের সেন্টার ফর সায়েন্স ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া স্টাডিজ (সিএসডিএমএস)।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সজীব ওয়াজেদ বলেন, তিন বছর আগেও তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং বাংলাদেশে ছিল স্বপ্নের মতো। এখন আউটসোর্সিংয়ের কাজে বাংলাদেশের অবস্থান ওপরের দিকে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারত সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের ই-গভর্নেন্স শাখার প্রেসিডেন্ট অজয় সোনি, সিএসডিএমএসের প্রেসিডেন্ট এন কে নারায়ণন এবং ই-এশিয়া ২০১১-এর মূল পৃষ্ঠপোষক জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার অ্যান্টনি ডিনডিয়াল বক্তৃতা করেন।অনুষ্ঠান শেষে একটি ল্যাপটপ কম্পিউটারে ক্লিক করে ডিজিটাল কাঁচি দিয়ে ডিজিটাল ফিতা কেটে প্রধানমন্ত্রী ই-এশিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি এ উপলক্ষে প্রকাশিত একটি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করেন। এরপর আয়োজনটি ঘুরে দেখেন। ই-এশিয়ায় এ মহাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগ দেখানো হচ্ছে। মেলায় বাংলাদেশের বাইরে ভারত, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের প্যাভিলিয়ন এবং ঢাকার নেদারল্যান্ড দূতাবাসের একটি স্টল রয়েছে। প্রদর্শনীর পাশাপাশি ই-এশিয়ায় তিন দিনে ৩০টি সেমিনার ও পাঁচটি কর্মশালা অনুষ্ঠিত হবে। গতকাল শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক যোগাযোগ বিষয়ে ১০টি সেমিনার হয়। এবারই প্রথম ই-এশিয়া পুরস্কার প্রবর্তন করা হয়েছে।ই-এশিয়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। বিস্তারিত তথ্য আছে .িব-ধংরধ.ড় ৎ ম ঠিকানার ওয়েবসাইটে।