সরকার তদন্তকে প্রভাবিত করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্র সম্পর্কে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার কোনোভাবেই এ মামলার তদন্তকে প্রভাবিত করেনি। সিআইডি সঠিকভাবে তদন্ত করেছে। তদন্ত নিরপেক্ষ হয়েছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয়েছে।আইন প্রতিমন্ত্রী গতকাল সোমবার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি ও সমমনা দলগুলো উদ্দেশ্যমূলকভাবে এ মামলার তদন্তকে সরকার প্রভাবিত করেছে বলে যে কথা বলছে তা ভিত্তিহীন। জনগণকে বিভ্রান্ত করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া এ ঘটনা ঘটানো সম্ভব ছিল না। এ ঘটনার মূল মদদদাতা ছিল হাওয়া ভবন। ঘটনার পুরো পরিকল্পনা ছিল তারেক রহমানের। কিন্তু এ ঘটনায় অভিযোগপত্র দাখিলের পর থেকেই ঘটনাকে মিথ্যা ও বানোয়াট বলা হচ্ছে। তিনি বলেন, এ ঘটনার পর মামলা হয়েছিল, কিন্তু তখন সঠিক তদন্ত হয়নি। বরং ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। ঘটনার পেছনে কারা ছিল, তা তদন্তে উঠে আসেনি। বর্তমান সরকারের সময় অধিকতর তদন্তে সত্য উঠে এসেছে।আইন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এক বছর অধিকতর তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপপ্রচার চালাতে বলছেন যে জিয়া পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা উদ্দেশ্যে এ মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, অভিযোগপত্রে বলা হয়েছে, তদন্তে বেরিয়ে এসেছে, ঘটনা কীভাবে ঘটানো যায় সে ব্যাপারে তারেক রহমান জঙ্গি মুফতি হান্নান ও অন্যদের সঙ্গে হাওয়া ভবনে দুবার বৈঠকে বসেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পালাতে এবং ঘটনার আলামত নষ্ট করার বিষয়ে ঘটনার আগে ও পরে তিনি এনএসআই, ডিজিএফআই ও অন্য গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে পরিকল্পনা করেছেন।