সরকার তার ভুল সংশোধন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনিযুক্ত মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মন্ত্রিসভা সম্প্রসারণ দেশের জনগণের কাছে একটি বার্তা। সরকার তার ভুল সংশোধন করেছে। আমরা সরকারের সব সিদ্ধান্তই সঠিক মনে করছি না।’গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে নতুন তিন মন্ত্রী—সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও মোনাজাত করেন।মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যদি জনগণের প্রত্যাশা ও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারি, মহাজোট যদি ব্যর্থ হয়, তাহলে মহাদুর্যোগ ঘনিয়ে আসবে। তাই দেশের জনগণকে স্বস্তিতে রেখে আমরা বিরোধী দলের আন্দোলনের জবাব দেব।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিতে কারও একাগ্রতা, নিষ্ঠা থাকলে সুফল আসবেই। সুরঞ্জিত সেনগুপ্ত তার প্রমাণ। আজ তিনি মন্ত্রী হওয়ায় আমরা সবাই আনন্দিত।’ নতুন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘শেখ হাসিনা আমাদের নিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। আমার বিশ্বাস, তাঁর চিন্তাচেতনায় আরও অগ্রসর অবস্থা আছে।’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের মানুষ সুশাসন আশা করে। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে বিকেন্দ্রীকরণ। যখন সুশাসনের জন্য ঢাকা সিটিকে বিকেন্দ্রীকরণ করা হলো, তখন তারা আদালতে দৌড়ালেন। এ সময় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।