২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে সাজা দিয়ে তাঁকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার। এ মামলা সাজানোই হয়েছে তারেকসহ বিএনপির নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য।রাজধানীর নয়াপল্টনে গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এ মামলা থেকে তারেক রহমানের নাম বাদ দিয়ে প্রকৃত আসামিদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, এ কাজে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে। তিনি অভিযোগ করেন, পুলিশের সাবেক তিন আইজিকে দিয়ে তারেক রহমানের নাম বলানোর চেষ্টা করা হয়েছিল। তাঁরা তাঁর নাম না বলায় এখন জেল খাটছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কয়েক দিন ধরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বিএনপিকে সরাসরি দায়ী করে বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী আবারও বিচারের আগেই রায় দিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের মদদ ছাড়া এত বড় ঘটনা ঘটতে পারে না। এ কথা বলে প্রধানমন্ত্রী আবারও প্রমাণ করলেন, তিনিই বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছেন।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সরকারের নির্বাহী বিভাগের প্রধান। তাঁর বক্তব্য বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবে, এটাই স্বাভাবিক। কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা নজিরবিহীন। এটি আদালত অবমাননা কি না, তা বিচারকেরা দেখবেন। তবে প্রমাণিত হয়ে গেল, তারেক রহমানসহ অন্য নেতাদের জড়ানো রাজনৈতিক প্রতিহিংসার এটি আর একটি দৃষ্টান্ত।বিএনপির এই নেতা বলেন, এ মামলার প্রধান আসামি মুফতি হান্নানের জবানবন্দি যেভাবে গণমাধ্যমে প্রচার করা হয়েছে, তাতে প্রমাণ হলো, এই মামলার রায় পূর্বনির্ধারিত। মুফতি হান্নানকে দিয়ে মিথ্যা জবাববন্দি দেওয়ানোর জন্য তাঁকে ২০০ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি বলেন, গণমাধ্যমে গোয়েবলসীয় কায়দায় যেভাবে প্রচার চালানো হচ্ছে, তাতে মনে হয় সরকারের প্রভাবশালী মহল চাপ দিয়ে মিডিয়াগুলোকে এ প্রচারণা চালাতে বাধ্য করছে।আদালতে যাচ্ছেন না কেন—এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ বিএনপিকে দেওয়া হচ্ছে না। তারেক রহমান সরকারের অনুমতি নিয়েই বিদেশে চিকিৎসাধীন। অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে পলাতক দেখানো হয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও রাজিয়া ফয়েজ, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।