সরকার তিস্তা চুক্তি করতে পারবে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা সেচ প্রকল্পের পশ্চিম প্রান্তে লংমার্চের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা সেচ প্রকল্পের পশ্চিম প্রান্তে লংমার্চের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করতে পারবে না। কারণ এই সরকার অনির্বাচিত। এতে জনগণের কোনো সমর্থন নেই। ভারতকে ধরে তারা (সরকার) ক্ষমতায় আছে।’
আজ বুধবার বিকেলে লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। এই সমাবেশের মধ্য দিয়েই শেষ হলো ভারতের কাছ থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে দলটির দুই দিনব্যাপী লংমার্চ।
১৬ এপ্রিল তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল নয়টায় মির্জা ফখরুলের নেতৃত্বে রাজধানীর উত্তরা থেকে লংমার্চ শুরু হয়। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়, ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে জনগণ ও আন্তর্জাতিক মহলকে সচেতন করতে এই লংমার্চ।’
গতকাল সন্ধ্যা সাতটার দিকে লংমার্চের গাড়ির বহর রংপুরে পৌঁছে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

এদিকে বিএনপির লংমার্চের কারণে ভারত তিস্তায় কিছুটা পানি ছেড়েছে বলে গতকাল দাবি করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটা লংমার্চের প্রাথমিক সাফল্য। আমরা সাময়িক নয়, পুরোপুরি সফলতা চাই।’