বিদ্যুৎ-জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ সম্মেলন
সরকার তৈরি, বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান
দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা, অবহেলা ও অদক্ষতায় পিছিয়ে পড়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে দেশি-বিদেশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যে আয়োজিত এক সম্মেলনে এই আহ্বান জানানো হয়।গতকাল শনিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে বলা হয়, এই খাতের উন্নয়নে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার তৈরি। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে যে বিপুল বিনিয়োগ ও কর্মযজ্ঞ দরকার তার আয়োজন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তা ছাড়া, এই খাত বাণিজ্যিকভাবেও লোভনীয়। বেসরকারি বিনিয়োগকারীদের জন্য সরকারও নানা সুযোগ-সুবিধা সৃষ্টি করছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এ খাতের উন্নয়নে সম্ভাব্য সব বিকল্প অনুসন্ধান ও ব্যবহার করা হবে। কয়লা, পরমাণু শক্তি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি তেল সব ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির উৎপাদন ও মান বৃদ্ধির জন্য দাম বাড়ানোও দরকার হবে। যা কিছু দরকার তার সবই করা হবে।বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে প্যান্ডেকার এনার্জির ব্যবস্থাপনা পরিচালক ফয়সল মবিন খান বলেন, দরপত্র প্রক্রিয়াসহ প্রকল্প বাস্তবায়নে বিলম্ব একটি বড় সমস্যা। এই সমস্যা কিছুটা কমে এলেও এখনো অনেক বেশি। এ ছাড়া এ দেশে বিদেশি বিনিয়োগে আর কোনো সমস্যা নেই। প্যান্ডেকার এনার্জি মেঘনাঘাট ৪৫০, হরিপুর ৩৬০ ও হরিপুরে ১০০ মেগাওয়াটের এসইপিসি বিদ্যুৎকেন্দ্রের মালিক-পরিচালক। তাঁরা মেঘনাঘাটে আরও একটি ৪৫০ মেগাওয়াট এবং ভোলায় ১৫০ থেকে ২২৫ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র করতে আগ্রহী বলে সম্মেলনে জানানো হয়।দেশি বিনিয়োগকারীদের মধ্যে সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে, তাতে নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কোনো উচ্চাভিলাষ নয়। তবে সরকারের উচিত এখন বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মনোযোগী হওয়া। এ ক্ষেত্রে সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াটের কেন্দ্রটি নির্মাণের কাজ সামিটকে দিলে অনেক কম দামে সরকার বিদ্যুৎ পেত। একই ক্ষমতার বিবিয়ানা কেন্দ্রটি স্থাপনেও দীর্ঘ বিলম্ব হচ্ছে। সময়মতো প্রকল্প বাস্তবায়ন সরকারের সামনে সবচেয়ে বড় সমস্যা বলে তিনি উল্লেখ করেন। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বাইরে আয়োজিত তিনটি বিনিয়োগ সম্মেলনের (রোড শো) ফলোআপ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়। দিনভর এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক। উদ্বোধনী অধিবেশনের পর দুটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। এর প্রথমটিতে এস এ সামাদের উপস্থাপিত মূল প্রবন্ধে এ দেশে বিনিয়োগের নানা সুযোগ-সুবিধা উল্লেখ করা হয়। পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ সম্পর্কে বক্তব্য দেন। বিপিসি চেয়ারম্যান বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা ও এই খাতে বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরেন। সড়ক ও রেলপথ বিভাগের সচিব বিভিন্ন এলাকার বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি পণ্য আনা-নেওয়ার জন্য তাঁর মন্ত্রণালয়ের পরিকল্পনা তুলে ধরেন। বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।দ্বিতীয় অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এই অধিবেশনে অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আইনসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং জাইকা ও জার্মান সাহায্য সংস্থা কেএফডব্লিউর প্রতিনিধিরাও সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়ে ও তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার কথা উল্লেখ করে বক্তব্য দেন। প্রশ্নোত্তর পর্বেও কয়েকজন প্রতিনিধি অংশ নেন।সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ১০০ কোম্পানির প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে বিদ্যুৎ খাতের ২৫টি ও জ্বালানি খাতের ২১টি কোম্পানির প্রতিনিধি বিকেলে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের মন্ত্রী-সচিবদের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ আলোচনায় বসেন।