দেশের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংকট নিরসনে সরকারসহ সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ আহ্বান জানায়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সুরক্ষা কমিটির আহ্বায়ক শাহদীন মালিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলিক মানবাধিকার সমুন্নত রেখে আইনি কাঠামোর মধ্যে নিষিদ্ধ ও অবাঞ্ছিত গোষ্ঠীর তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। কমিটি মনে করে, চলমান রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশের মানবাধিকার ও মৌলিক অধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর লাগাতার হরতাল ও অবরোধে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক জীবন পর্যুদস্ত। সহিংসতায়, পেট্রলবোমায় হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম, খুন ও অপহরণের অভিযোগ বাড়ছে। রাজনৈতিক পক্ষগুলোর মতবিরোধের সুযোগ নিয়ে নিষিদ্ধ ও অবাঞ্ছিত গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনা তাদের সক্রিয় উপস্থিতির জানান দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিজিৎ স্পষ্টভাষী সমালোচক ও ধর্মান্ধতার বিরুদ্ধে গণমানুষের মৌলিক অধিকারের বিষয়ে সরব ছিলেন। তাঁকে একাধিক হুমকির বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা, হামলাকারীদের চিহ্নিত ও নিবৃত্ত করতে না পারায় সংগঠনটি ক্ষোভ প্রকাশ করেছে। তারা এই হত্যার বিচার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনপ্রয়োগকারী সংস্থার স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। বিজ্ঞপ্তি।