সরকার দলনিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হয় না: ড. কামাল

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, সরকার দলনিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হয় না। সরকার না চাইলেও তাদের প্রভাব প্রশাসনে থেকে যায়।
আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় ড. কামাল এ কথা বলেন।
ড. কামাল বলেন, ‘সিংহাসনে থেকে কেউ যদি নির্দেশ দেয়, তাহলে তা বাংলার জনগণ মানে না। এটাই বাঙালির চরিত্র। ক্ষমতা শেষের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটাই গ্রহণযোগ্য সত্য।’
ড. কামাল বলেন, ‘২২ জানুয়ারি পারেনি, বর্তমান সরকারও একা কোনো নির্বাচন করতে পারবে না।’ তিনি বলেন, ৪০ বছরের অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, সরকার দলনিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হয় না। সরকার না চাইলেও তাদের একটা প্রভাব প্রশাসনে থেকে যায়। বর্তমান সংকট নিরসনে সবাইকে যুক্তিসংগত আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
ড. কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ থেকে তিনি মানসিকভাবে সরে যাননি। বঙ্গবন্ধু যে আদর্শিক চেতনা নিয়ে আওয়ামী লীগ গঠন করেছিলেন, সেই আদর্শিক চেতনাকে এখনো তিনি তিনি ধারণ করেন।
ড. কামাল বলেন, ‘এই দেশটা ১৬ কোটি মানুষের, কোনো পরিবারের নয়। বঙ্গবন্ধু এটা বুঝিয়েছেন, ওসমানীও এটা বুঝিয়েছেন।’
স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর প্রমুখ।