সরকার-দলের দূরত্ব বিজয়ে অন্তরায় হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও দলের মধ্যে দূরত্ব এবং দলীয় বিভেদ আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ের পথে অন্তরায় হাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সরকার-সমর্থক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের অনেক নেতা।
গতকাল বুধবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন পেশাজীবী, মুক্তিযোদ্ধা সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। সেখানেই অনেক বক্তা এই আশঙ্কা প্রকাশ করেন।
এসব সংগঠনের নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঁচা-মরার লড়াই আখ্যা দিয়ে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সভাটি ছিল উন্মুক্ত।
মতবিনিময় শেষে সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন সঠিক সময়ে শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচনের যেমন বিকল্প নেই। তেমনি নির্বাচনে জয়েরও কোনো বিকল্প নেই। তাই নির্বাচন যাতে কেউ বানচাল না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। অন্যথায় তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক অসিত বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেজবাহ উদ্দিন বলেন, বিরোধী দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। স্বাধীনতার সপক্ষের শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনী কর্মকাণ্ডে পেশাজীবীদের সম্পৃক্ত করার দাবি জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আরও আগে থেকেই প্রচার-প্রচারণায় নামা উচিত ছিল। মাত্র চার মাস আগে থেকে এটা শুরু হয়েছে। তিনি বলেন, জনগণকে আকৃষ্ট করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাদ দিয়ে কর্মসূচিভিত্তিক পরিকল্পনা নিতে হবে। সরকারের মন্ত্রীদের একেকজনের একেক রকম বক্তব্য দেওয়ার সমালোচনা করেন তিনি।
বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগের প্রথম ও অন্যতম কাজ হচ্ছে সরকার ও দলের মধ্যে ব্যবধান কমানো।
শিক্ষকনেতা শাজাহান আলম বলেন, গণমাধ্যম, মাদ্রাসাশিক্ষক ও মসজিদের ইমামদের সঙ্গে দূরত্ব কমাতে হবে। মাদ্রাসাশিক্ষক, মসজিদের ইমাম মানেই হেফাজত-জামায়াত—এ ধারণা ঠিক নয়। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ঘরানার লোকও আছেন।