বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান গতকাল সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয় চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনা মূল্যে আমন ধানের চারা বিতরণ করেন।
লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব, জেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ী ও মহেন্দ্রনগর ইউনিয়নের ৩৫০ জন কৃষকের প্রত্যেককে এক থেকে দেড় বিঘা জমিতে লাগানো যায় এমন পরিমাণ রোপা আমনের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এরা জনগণের ভোটে নির্বাচিত নয়, এবারের জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৪ জন এমপি রয়েছেন। এই সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াতে এরা দায়বদ্ধতা অনুভব করে না। এরা শুধু বক্তৃতায় ত্রাণ বিতরণের কথা বলে, আর যৎসামান্য যে ত্রাণ বিতরণ করে তা নিজেদের নেতা-কর্মী-সমর্থকদের মাঝেই করে।’
তিনি বলেন, ‘আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি এবং জনগণের কাছে আমাদের জবাবদিহি আছে, তাই অন্যেরা কাজ না করলেও আমাদের কাজ করতে হবে। এটাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশ।’