সরকার দিনবদলে সক্ষম হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দেন l ছবি: ফোকাস বাংলা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দেন l ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে সুশাসন সুসংহত করা, গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণ এবং জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নে সরকার সক্ষম হবে। তিনি বলেন, গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দিনবদলের সনদ ও এসডিজি বাস্তবায়ন সক্ষম হবে।
গতকাল রোববার খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি ১১৯ পৃষ্ঠার ভাষণের সংক্ষিপ্তসার পড়ে শোনান।
রাষ্ট্রপতি বলেন, একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্য থেকে জাতির অগ্রযাত্রার আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে বর্তমান সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে হঁাটছে, সে পথ ধরেই বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে এবং বিশ্বসভায় একটি উন্নত দেশ হিসেবে উদ্ভাসিত হবে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালে বিশ্বসভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হবে, এটাই জাতির প্রত্যাশা।

ভাষণে রাষ্ট্রপতি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য-কৃষি, পরিবেশ-জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশাবাদী যে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে সুশাসন সুসংহতকরণ, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ এবং জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা এসব লক্ষ্য অর্জনে সক্ষম হব।’

দেশে আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে ২০১৪ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দশম জাতীয় সংসদ গঠিত হয় এবং বর্তমান সরকারের ওপর দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হয়।