আগামী দুই বছরের মধ্যে সরকার বিদ্যুতের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে। বিদ্যুতের জন্য দুর্ভোগ থাকবে না। গতকাল সোমবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার তালতলায় নির্মাণাধীন ১০৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্ট ও নওয়াপাড়া গ্রিড সাবস্টেশনসংলগ্ন ৪০ মেগাওয়াট প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এ কথা বলেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পাদনের নির্দেশ দেন।অনুষ্ঠানে শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, বিদ্যুৎ-সংকটের অজুহাত দেখিয়ে আর কোনো মিল-কারখানা বন্ধ করে দেওয়া চলবে না। সরকার বিদ্যুৎ-সংকট মোকাবিলায় যেমন আন্তরিক, তেমনি বন্ধ কলকারখানা চালু করতে বদ্ধপরিকর। সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিডিবির চেয়ারম্যান আলমগীর কবির, বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল করিম, পাওয়ার গ্রিড কোম্পানির পরিচালক রফিকুল আলম, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক হান্নান আলী, যশোরের জেলা প্রশাসক মো. নুরুল আমিন, নওয়াপাড়া পৌরসভার মেয়র এনামুল হক বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রমুখ।ঠিকাদারি প্রতিষ্ঠান কোয়ান্টাম পাওয়ার কোম্পানি ৩৯৩ কোটি টাকা ব্যয়ে চার একর জমির ওপর কুইক রেন্টাল পাওয়ার স্টেশনটি তৈরি করছে। এই বিদ্যুৎকেন্দ্রে দৈনিক সাড়ে ৫০০ মেট্রিক টন ফার্নেস অয়েল পুড়িয়ে ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। কোম্পানির প্রধান প্রকৌশলী রওশন আলী জানান, আগামী ৪ নভেম্বরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে।