বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য সারা দেশকে গ্রাস করেছে। সরকার দুর্নীতিবাজ বিধায় দুর্নীতিবাজ মন্ত্রীদেরও বিচার করে না। দুর্নীতিতে সারা দেশ আজ নিমজ্জিত।মওদুদ আহমদ গতকাল মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌর বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের আমলে আর শেয়ারবাজার চাঙা হবে না। কারণ, সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সরকারের বড় নেতারা এ দুর্নীতির সঙ্গে জড়িত।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা নুরুল আলম সিকদার, কামালউদ্দিন চৌধুরী, জহিরউদ্দিন সেলিম, মফিজউদ্দিন তুর্কি, বেলায়েত হোসেন, মাহমুদুর রহমান, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, আবদুল মতিন, জাহাঙ্গীর আলম প্রমুখ। মওদুদ আহমদ বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতির মাধ্যমে এই সরকার আমাদের সারা বিশ্বের কাছে কলঙ্কিত করেছে। বিশ্বব্যাংক পাঁচটি অভিযোগ এনেছে। এ অভিযোগ তারা খতিয়ে দেখছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে একটি নয়, দুটি পদ্মা সেতু করা হবে।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর বলেন, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন সম্পর্কে সরকার বারবার বলেছে, মন্ত্রী দুর্নীতিবাজ নন। অথচ সরকারের দুই মন্ত্রীকে দুর্নীতির দায়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এরপর বিশ্বব্যাংকের হাত-পা ধরে তাঁদের আবার ফিরিয়ে আনা হয়েছে।