এই সরকারের মেয়াদে হওয়া বিদ্যুৎ খাতের দুর্নীতির কারণে বাজেট ঘাটতি দেখা দিয়েছে। আর সেই ঘাটতি মেটাতেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলেও দুর্নীতিতে সফল হয়েছে। গতকাল রোববার হরতাল চলাকালে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। নগর বিএনপি আয়োজিত এই সমাবেশে নোমান বলেন, ‘বর্তমান সরকার জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। মিছিল-সমাবেশ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। আইয়ুব খানের আমলে মার্শাল ল দিয়ে এই ধরনের অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু জনগণের প্রতিরোধে তা সফল হয়নি। বর্তমান সরকারও সফল হবে না।’ কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের নামে কোটি কোটি টাকা লুট করা হয়েছে বলে দাবি করেন আবদুল্লাহ আল নোমান। সমাবেশে আমীর খসরু বলেন, এটা শুধু ১৮ দলের নয়, সমগ্র দেশবাসীর হরতাল। তেলের দাম বাড়ানোর সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে কৃষকের ওপর। পাশাপাশি পরিবহন খরচ, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বাড়বে। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হবে। চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা এ এম নাজিম উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতা আ জ ম ওবায়দুল্লাহ।