সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দিনবদলের কথা বলে ক্ষমতায় এসে সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।গতকাল রোববার পুরানা পল্টনের মৈত্রী হলে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, ‘সরকার সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বহাল রেখে দেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে। বিচারব্যবস্থা ও প্রশাসনকে ধ্বংস করা হচ্ছে। পুলিশ বাহিনীকে ঠেঙানো বাহিনীতে পরিণত করা হচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে মানুষ অতিষ্ঠ। এ অবস্থায় দুই প্রধান দলের রুগ্ণ রাজনীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের আশ্বাস ব্যর্থ হয়েছে বলে ড. কামাল মন্তব্য করেন। ড. কামাল আরও বলেন, গণফোরাম বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে সন্ত্রাস, দুর্নীতি ও রুগ্ণ রাজনীতিমুক্ত একটি জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে কাজ করবে।বর্ধিত সভায় আরও বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোহসীন, মফিজুল ইসলাম খান, জগলুল হায়দার, জানে আলম প্রমুখ। সভায় আগামী ২ ও ৩ ডিসেম্বর গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।