সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে সুপরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ও বিভক্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশ এখন কঠিন দুঃসময় পার করছে, স্বাধীনতার পর এমন দুঃসময় আর আসেনি।’ গতকাল সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ফখরুল এ অভিযোগ করেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।মির্জা ফখরুল দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি অত্যন্ত সুদূরপ্রসারী ষড়যন্ত্রের একটি অংশ। বাংলাদেশকে ব্যর্থ, দুর্বল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এটি করা হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে প্রশ্ন তোলেন, ‘কী কারণে সেনা তদন্ত প্রতিবেদন পুরো প্রকাশ করা হয়নি? কার স্বার্থে?’ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান টি এইচ খান, শমসের মবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।সিলেটে তাহমিদ ও সুমেন হত্যার প্রতিবাদ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল গতকাল এক বিবৃতিতে পুলিশের গুলিতে সিলেট এমসি কলেজের ছাত্র মোস্তফা মোর্শেদ তাহমিদ ও সুমেন নামে এক সাধারণ নাগরিককে হত্যা এবং নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আর রশীদকে আহত করার প্রতিবাদ জানান।