সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান বলেছেন, বর্তমান সরকার দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করতে চাচ্ছে। দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি করে মানুষের ভোগান্তি বাড়িয়েছে। গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।গতকাল শুক্রবার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে উপজেলা বিএনপির একাংশের কর্মী সম্মেলনে মান্নান এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল মান্নান বলেন, তাঁদের দলে কোনো কোন্দল নেই। মূল স্রোতের বাইরে কিছু লোক দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছেন। নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেনের সভাপতিত্বে ওই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ওসমানী, দোহার উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন (অব.) জহির উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা যুবদল সভাপতি মহসীন উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জাসাসের সহসভাপতি সালাহউদ্দিন মোল্লা, সাবেক সভাপতি গাজী আরশেদ প্রমুখ।