সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে না
খ্যাতনামা বুদ্ধিজীবী ও বিশিষ্টজনদের হত্যার হুমকিদাতাদের আইনি প্রক্রিয়ায় আনতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ১৭ বিশিষ্ট নাগরিক। তাঁরা এই ঘটনাকে বিস্ময়কর ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ কথা বলেন। বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, ধর্মের পবিত্রতা রক্ষার নামে কিছুদিন ধরে এক দল উগ্রবাদী জঙ্গি মুক্তচিন্তার ব্যক্তিদের হত্যা করার হুমকি দিয়ে চলছে। রাজীব, অভিজিৎ থেকে শুরু করে সর্বশেষ সিলেটের অনন্তকে হুমকির পর হত্যা এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ২৫ জন খ্যাতনামা বুদ্ধিজীবী ও বিশিষ্টজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অথচ যারা হত্যা করছে ও হত্যার হুমকি দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। এসব নাগরিকেরা মনে করেন, নাগরিকদের জীবন রক্ষা রাষ্ট্রের প্রথম দায়িত্ব। সেই দায়িত্বে অবহেলা বা ব্যর্থতার কোনো স্থান নেই। তাই সরকারের কাছে দাবি, যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের খুনিদের গ্রেপ্তার করতে হবে। যাঁদের হুমকি দেওয়া হচ্ছে, তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্মের নামে যারা হুমকি দিচ্ছে, তারা দেশের স্থিতিশীলতা ও অগ্রগতি বাধাগ্রস্ত করে দেশকে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করতে চায়। সাম্প্রদায়িকতার আবর্তে জড়িয়ে ফেলে শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করতে চায়। এদের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিবৃতিতে সই করেন আনিসুজ্জামান, সুলতানা কামাল, আ আ ম স আরেফিন সিদ্দিক, সৈয়দ শামসুল হক, অজয় রায়, সারওয়ার আলী, এ কে এম সফিউল্লাহ, অজয় রায়, এবাদুল হক, হায়াৎ মামুদ, জিয়াউদ্দিন তারেক আলী, আবেদ খান প্রমুখ।
এদিকে হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। এ ছাড়া ঢাকার ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।