ক্ষমতাবানেরা ধর্ষকদের শুধু মদদই দিচ্ছে না, আশ্রয়ও দিচ্ছে। সরকার ধর্ষক, খুনিদের শাস্তি দিতে ব্যর্থ বা অনিচ্ছুক। অপরাধ ও অপরাধীকে আড়াল করার প্রবণতাই সারা দেশে খুন, ধর্ষণসহ নারী নির্যাতন বাড়ার মূল কারণ।
গতকাল মঙ্গলবার ধর্ষক ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে সারা দেশে নারীর ওপর সহিংসতা ও যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এ সমাবেশের আয়োজন করে নারী সংহতি। একই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে কর্মসূচি পালন করেছে মহিলা গণফোরাম, সিপিবির নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
সমাবেশে বক্তারা বলেন, বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় মামলা নিতে গড়িমসি, আসামিদের গ্রেপ্তারে অবহেলা করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন অপরাধের পুনরাবৃত্তি হচ্ছেই। বিচার না পেয়ে অসহায় বাবাকে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিতে হচ্ছে।
সমাবেশে নারী সংহতির ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আক্তার বলেন, ‘আমাদের দাবি সুস্পষ্ট। আমরা ধর্ষক এবং ধর্ষণের ঘটনার সংশ্লিষ্টদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই; যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।’
নিরাপত্তাহীনতার দায়ভার কার?
নারীদের নিরাপত্তা ও আইনের প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছে মহিলা গণফোরাম। গতকাল মঙ্গলবার সকালে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।
মহিলা গণফোরামের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার নারী ও শিশুরা। আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছি? এ দায়ভার কার?’
গণফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকউল্লাহ বলেন, অবৈধ সম্পদ থেকে অপরাধের ঘটনা ঘটছে। সরকারকে আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনের মধ্য দিয়ে ধর্ষকদের সঠিক বিচার করতে হবে।
মহিলা গণফোরামের নেত্রী গীতা সেন মানববন্ধনে সভাপতিত্ব করেন।