সরকার ধোঁকা দিতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু ‘স্পর্শকাতর’ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে সরকার বিশ্বব্যাংকের অর্থায়ন থেকে জাতিকে বঞ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এখন নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের নামে নামফলকের ইট-বালু জোগাড় করে জনগণকে ধোঁকা দিতে চায় সরকার।গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রনায়ক জিয়া গ্রন্থের প্রকাশনা উৎসবে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নাজুক। নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের চিন্তা বাস্তবসম্মত নয়, এটি কেউ বিশ্বাস করে না।মোশাররফ বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে অর্থায়নের জন্য করা অনুরোধ ফিরিয়ে নিয়ে সরকার অবিবেচকের মতো কাজ করেছে। সময়মতো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এই সমস্যা হতো না। কেবল সরকারের একগুঁয়েমির জন্য দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু থেকে বঞ্চিত হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।‘সরকারের আঁতে ঘা লেগেছে’: সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ওয়াশিংটন টাইমস-এ লেখা খালেদা জিয়ার নিবন্ধে সরকারের আঁতে ঘা লেগেছে। জাতীয় সংসদে সরকারি দলের সাংসদেরা যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তাতে প্রমাণ করে যে দুর্নীতি ও দুঃশাসন নিয়ে সত্য কথা লেখা হয়েছে। তিনি বলেন, এই লেখায় বাংলাদেশের গণতন্ত্র ও ১৬ কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রসহ সব শুভাকাঙ্ক্ষী দেশের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।