সরকার নতুন ধরনের সাদাছড়ি তৈরির কথা ভাবছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আরা বেগম হেঁটে যাচ্ছেন। ছবি: সাবিনা ইয়াসমিন
দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আরা বেগম হেঁটে যাচ্ছেন। ছবি: সাবিনা ইয়াসমিন

খুব শিগগিরই সরকার নতুন এক ধরনের সাদাছড়ি তৈরির কথা ভাবছে। এই ছড়ি হাতে থাকলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা ৪০ মিটার পর্যন্ত দূর থেকে যানবাহনের অবস্থান জানতে পারবেন।
আজ বৃহস্পতিবার রাজধানীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এ কথা জানান।
দিবসটি পালন উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ হাসপাতালের সামনে থেকে সমাজসেবা অধিদপ্তর পর্যন্ত একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী,  মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং অনেক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি অংশ নেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সাদাছড়ি বিতরণ, বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলকে সম্মাননা দেওয়া হয়।
সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন দৃষ্টিপ্রতিবন্ধীদের উদ্দেশে বলেন, ‘আপনারা হতাশ হবেন না, কোনো রকম মন খারাপ করবেন না। প্রধানমন্ত্রী সর্বদাই আপনাদের খোঁজ নিচ্ছেন। তিনি আপনাদের উন্নয়নে সম্ভব সবকিছুই করতে সদা প্রস্তুত রয়েছেন।’ 

পরে দৃষ্টিপ্রতিবন্ধীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শুধু সামনে যা আছে তাই দেখতে পাই; কিন্তু আপনারা চোখ বন্ধ করে সামনে পেছনে এমনকি চারিদিকে যা আছে তা অবলোকন করতে পারেন। বড় বড় মনীষীরাও চোখ বন্ধ করে দিনের পর দিন ধ্যান করতেন।’ প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যের শেষে ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য...’ গানটি গেয়ে শোনান।

অনুষ্ঠানের সভাপতি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির বলেন, ‘২০১৬ সালের শুরুর দিকে প্রধানমন্ত্রীর হাত দিয়ে দেশের সব দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে ব্রেইল বই তুলে দেওয়া হবে।’

দৃষ্টি প্রতিবন্ধীরা বোঝা নয়, সম্পদ
এদিকে, বন্দরনগর চট্টগ্রামে এ দিবসের এক আলোচনায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাঁরা সম্পদ। সহযোগিতা করলে তাঁরাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, নগরের খুলশী এলাকার লায়ন্স চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় ৫০ জন  দৃষ্টিপ্রতিবন্ধীকে সাদাছড়ি দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য দেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক গভর্নর মোস্তাক হোসেন, দৃষ্টিপ্রতিবন্ধী সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ, আয়োজক সংগঠনের চেয়ারম্যান এম মোশাররফ হোসেন, সংগঠক এইচ এম শাহীন প্রমুখ।

আলোচনা সভার আগে নগরের জিইসি মোড় থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও অংশ নেন।