সরকার নতুন বদমায়েশি বের করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর জন্য এখন নতুন “বদমায়েশি” বের করেছে। কিন্তু আমরা তা বরদাশত করব না। ওই বদমায়েশি নির্বাচন হতে দেব না।’গতকাল শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এ কথা বলেন ১৮ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায়ের দিকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন মুহাম্মদ ইসহাক। ওই রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়। মুহাম্মদ ইসহাক ছাত্র মজলিসের নেতা-কর্মীদের ‘ইসলাম প্রতিষ্ঠায়’ সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক জায়গায় দৌড়ে ব্যর্থ হয়েছি। এখন দেশের স্বার্থে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে ১৮ দলীয় জোটের সঙ্গে আছি। এটা ঠিক, কারও লেজুড়বৃত্তি করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না।’ ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবুল কাশেম সম্মেলনে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মুজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা শফিকউদ্দিন, মুনতাসীর আলী, ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল আবদুল হাফিজ খসরু প্রমুখ। সম্মেলন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।