সরকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সাল নাগাদ প্রতি হাজার জীবিত জন্মে নবজাতক মৃত্যুহার ২১-এ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সময়ে পাঁচ বছরের কম বয়সী শিশু ও মাতৃমৃত্যু হার কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যথাক্রমে ৪৮ ও ১৪৩। ২০১১ সালের জুলাই থেকে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য কর্মসূচিতে এসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।১০ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে পরবর্তী স্বাস্থ্য কর্মসূচির ফলাফল কাঠামো (রেজাল্ট ফ্রেমওয়ার্ক) চূড়ান্তকরণ কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএইড ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার কর্মকর্তারা ২০১১ থেকে ২০১৬ সাল নাগাদ পরবর্তী কর্মসূচির জন্য ৫৩টি সূচক নির্ধারণ করেছেন। কর্মশালায় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি বিষয়ে ৪২টি লক্ষ্যমাত্রা উপস্থাপন করা হয়। ২০০৯ সালের নভেম্বর মাসে পরবর্তী স্বাস্থ্যখাত কর্মসূচির পরিকল্পনা দলিল, কৌশলপত্র তৈরির কাজ শুরু হয়।অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছিলেন, স্বাস্থ্যকর্মীদের যথাযথভাবে উদ্বুদ্ধ করলে স্বাস্থ্য খাতের লক্ষ্যমাত্রাগুলো নির্ধারিত সময়ে অর্জন সম্ভব হবে। তিনি বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে, বিকেন্দ্রীকরণ সম্ভব হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে।উল্লেখ্য, সরকার এখন যে কর্মসূচি বাস্তবায়ন করছে, তার নাম ‘স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচি’। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে যেসব কাগজ দেওয়া হয়েছিল, তাতে পরবর্তী কর্মসূচিকে ‘স্বাস্থ্য ও জনসংখ্যা খাত উন্নয়ন কর্মসূচি’ হিসেবে উল্লেখ করা হয়। ‘পুষ্টি’ বাদ পড়ার ব্যাপারে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্মসূচির নাম এখনো চূড়ান্ত করা হয়নি এবং কোনো রাজনৈতিক কারণেও ‘পুষ্টি’ শব্দটি বাদ দেওয়া হয়নি।