সরকার নয়, উনি বেকায়দায় আছেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন তাতে সরকার বিপদে পড়েছে বলে আমি মনে করি না। উনি নিজেই বেকায়দায় পড়েছেন।’
আজ শুক্রবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পবিত্র হজ, মহানবী হজরত মুহাম্মদ (স.) ও তাবলিগ জামাত সম্পর্কে সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী কটূক্তি করেন। এর জের ধরে তাঁকে মন্ত্রিসভা ও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
আজ সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক প্রশ্ন করেন, লতিফ সিদ্দিকীর মন্তব্য সরকারকে চাপের মধ্যে ফেলে দিয়েছে কি না?
হজ সম্পর্কে বিরূপ মন্তব্য লতিফ সিদ্দিকীরজাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে (শেখ হাসিনা) জীবনের ঝুঁকি আছে বলে যে হুঁশিয়ারি দিয়েছেন, সে সম্পর্কেও প্রধানমন্ত্রীর ভাবনা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে প্রধানমন্ত্রী মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার একটি লাইন উদ্ধৃত করে বলেন, ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?’
লতিফ সিদ্দিকী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি বিপদে পড়েছেন, ওনাকে খেসারত দিতে হবে।’ নিজের জীবনের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবন ঝুঁকিতে নেই, কে বলেছে? এই মাটিতেই ১৯৭৫ সালে মা-বাবা-ভাই-বোনকে হত্যা করা হয়েছে। ১০ বছরের ভাইকেও হত্যা করা হয়েছে। খুনিদের বিদেশে পাঠিয়ে প্রমোশন দেওয়া হয়েছে। আমি কখনো জীবনের পরোয়া করি না। জীবনের মায়া করলে আপনারা গণতন্ত্র ফিরে পেতেন না। কে কী বলল, সেটা বড় কথা না। বাংলাদেশের মানুষের ওপর ভরসা আছে।’
অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘যারা অবিবেচকের মতো কথা বলে, তার বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থা নেব এবং নিয়েছি।’
‘বক্তব্য প্রত্যাহারের প্রশ্নই ওঠে না’নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে কোনো আগাম নির্বাচন কিংবা সংলাপের কথা বলেছেন কি না, এক সাংবাদিকের করা এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মোদি সাহেব এবার কিছু বলেন-টলেন নাই। আমরা যখন আগ বাড়ায় কথা বলতে গেলাম, তখন অনেক কিছু শুনেছিলাম।’ তিনি বলেন, ‘কার সঙ্গে আলোচনা করব। যারা আমার সংসদ সদস্য পার্টির লোকদের, সংখ্যালঘুদের হত্যা করেছে তাদের সঙ্গে?’
লতিফ সিদ্দিকীকে নিয়ে বিবিসির এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘যেটা আমি বলেছি, সেটাই হবে। তাকে মন্ত্রিসভায় রাখব না, দলেও রাখব না। একজন মন্ত্রীকে বাদ দেওয়ার কিছু প্রসিডিউর আছে, সেগুলো দেখে নেবেন। প্রসিডিউরগুলো পড়লেই জানতে পারবেন। আপনারা জানেন, রাষ্ট্রপতি এখন হজ করতে দেশের বাইরে আছেন। তার অব্যাহতির ফাইলগুলো প্রস্তুত আছে, অফিস খুললেই কার্যকর হবে।’
লতিফকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মনে হয় না, ওয়ার্কিং কমিটির কেউ এর বিরোধিতা করবে। একমাত্র আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুযায়ী চলে, এ ছাড়া কেউ ঠিকমতো চলে না।’
লতিফ সিদ্দিকীকে অব্যাহতি?সাংবাদিক আবেদ খানের করা প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘বন্দীবিনিময় চুক্তি বিষয়ে ভারতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। এটা অনেক দূর এগিয়েছে। এটা একটা চলমান বিষয়, অলরেডি কার্যকর হতে চলেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এত দেরিতে উদ্রেক হলে হবে না। এরই মধ্যে পদ্মা-যমুনা দিয়ে অনেক পানি গড়িয়েছে।’ তিনি বলেন, ‘২১ আগস্টের ঘটনাসহ যারা নানান ঘটনায় জড়িত, তাদের বিচার দ্রুত হওয়া উচিত। আদালতে এফবিআই সাক্ষ্য দেওয়ার পর আসামিদের আদালত খালাস দিয়ে দেয়। আর বিচারপতি গিয়ে মালয়েশিয়ায় সেটেলড হয়। আর কিছু কিছু পত্রিকা আছে তারা ‘অণুবীক্ষণ যন্ত্র’ নিয়ে বসে থাকে। আওয়ামী লীগের ছোট ছোট স্পট খোঁজে। এসব বড় বড় স্পট তাদের চোখে পড়ে না। দুর্ভাগ্য তো ওখানেই।’
শেখ হাসিনা অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপির আন্দোলন হলো মানুষ খুন করা। অনেকে বলেছিল, ৫ জানুয়ারির পর দেশে গৃহযুদ্ধ বাধবে। কিন্তু বাধেনি। তাদের আন্দোলন সম্পর্কে মানুষের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তারা কী করতে পারে। কঠোর আন্দোলন দেখা করার ক্ষমতা সরকারের আছে। খালেদা জিয়া কার বাতাসে নাচেন, সেটা আমি জানি না।’
এ কে খন্দকারের ১৯৭১:ভেতরে বাইরে বই নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যে যা মনের মাধুরি মিশিয়ে লিখে যাচ্ছে। উনি মুক্তিযোদ্ধা হয়ে অসত্য কথাগুলো লিখেছেন। আর যারা এটা প্রকাশ করলেন, সেই প্রকাশককেও তো জিজ্ঞাসা করা উচিত।’
এর আগে লিখিত বক্তব্যে শেখ হাসিনা জাতিসংঘে তাঁর সফরের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।