স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেছেন, সরকার না চাইলে এ দেশে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। এ জন্য সরকারকেই ব্যবস্থা নিতে হবে।
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রশ্নবিদ্ধ নির্বাচন ও স্থানীয় শাসনব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন। বেসরকারি সংস্থা গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশন এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় তোফায়েল আহমেদ আরও বলেন, এখন যে অবস্থা, তাতে এই নির্বাচনকে শুধু প্রশ্নবিদ্ধ বললে কম বলা হবে। এটা গুলিবিদ্ধ বা বুলেটবিদ্ধ নির্বাচন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইউপি নির্বাচন নিয়ে এখন আর ভাবছেন না। ভবিষ্যতে কি এ দেশে নির্বাচন হবে—এটাই বড় প্রশ্ন।
অতীতের উদাহরণ টেনে বেসরকারি প্রতিষ্ঠান ব্রতীর নির্বাহী প্রধান শারমীন মুরশিদ বলেন, কোন কোন কারণে নির্বাচন-ব্যবস্থার উন্নতি হয়েছিল, সেটা ভাবতে হবে। আবার কোন কোন কারণে তা খারাপ হয়েছে, তা নিয়েও ভাবতে হবে। সরকার কথাগুলো শুনবে বলে আশা তাঁর।
অবশ্য চলমান ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে ইসি কিছু পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে শারমীন মুরশিদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বলেই কি ইসি নড়েচড়ে বসেছে?
নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আবদুল আলীম বলেন, ইউপি নির্বাচনে তিন ধাপে এ পর্যন্ত ৫৪ জন মারা গেছে। নির্বাচন যদি মানুষের প্রাণ কেড়ে নেয়, তবে সেই নির্বাচন কাম্য নয়।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলী।