সরকার নামানোর কথা বলার জোর কোমরে আর হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার নামানোর কথা বলার মতো এত জোর উনার (খালেদা জিয়া) কোমরে আর হবে না।’ তিনি প্রশ্ন করেন, ‘উনাকে কোর্টে সারেন্ডার করতে হয়েছে। আবার ঘরেও ফিরতে হয়েছে। তাহলে ৯২ দিন পার্টি অফিসে ছিলেন কেন?’
গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয় থেকে নাটোর, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করেন। ওই কনফারেন্সের শুরুতে ও শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ফেনী ও নাটোর একসময় সন্ত্রাসের জনপদ ছিল। এখন সেখানে শান্তি ও শৃঙ্খলা ফিরেছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা ৯২ দিনের অবরোধের ক্ষতি সরকার পুষিয়ে নিতে পারবে। দেশে ধীরে ধীরে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। আন্দোলনের নামে যাঁরা মানুষ পুড়িয়ে মেরেছেন, সন্ত্রাস করেছেন তাঁদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেন তিনি।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসী কমর্কাণ্ড যারা করেছে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং প্রত্যেক এলাকায় যারা অপরাধে জড়িত, আইনশৃঙ্খলা বাহিনীকে বলব—তাদের খুঁজে খুঁজে বের করতে হবে, তাদের বিচার করতে হবে।’ দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্যই ‘এ ধরনের অপরাধীদের’ শাস্তি হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন কর্মকর্তাদের আলোচনা শুনে কয়েকটি বিষয়ে অনুশাসন দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম আলাদাভাবে করতে হবে, কোনো স্কুল-কলেজ-মাদ্রাসার মাঠে নয়। নাটোরে উৎপাদিত রসুন প্রক্রিয়াজাত ও বাজারজাত করতে সহায়তা করতে হবে। প্রত্যেক জেলা প্রশাসককে প্রথমে নিজ নিজ এলাকায় গৃহহীন মানুষকে খুঁজে বের করে খাস জমি বরাদ্দ দেওয়ার পাশাপাশি তাদের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণের উদ্যোগ নিতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁঞা ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদেক, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন উৎসব উপলক্ষে চার দিনের ঐচ্ছিক ছুটির বিষয়টি মন্ত্রিসভা অনুমোদন করে। এর মধ্যে ৩০ চৈত্র পার্বত্য এলাকায় এখনই ঐচ্ছিক ছুটি থাকে, পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকে। এর বাইরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মকর্তা-কর্মচারীরা দেশের যেখানেই অবস্থান করুক ২৯ চৈত্র ও ২ বৈশাখ উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি পাবেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁঞা সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান। তিনি বলেন, গতকালের বৈঠকে হস্ত ও কারুশিল্প নীতিমালার খসড়া অনুমোদন হয়েছে। এ ছাড়া বৈঠকে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বায়স্তবায়নের বিষয়ে এ বছরের প্রথম তিন মাসের প্রতিবেদন উপস্থাপন করা হয়।