সরকার নারী উন্নয়ন নীতিতে সংশোধনী এনেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতিতে একটি সংশোধনী এনেছে, যাতে করে কোনো মহল এই নীতির কোনো বিষয় সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। ওলামা-মাশায়েখদের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব নাগরিকের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সম-অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার ইসলামের উন্নয়নে এত বেশি পদক্ষেপ নেয়নি।প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মেসবাহুর রহমান চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী, মুফতি মাসুম বিল্লাহ সন্দ্বীপী, মুফতি আবদুল হালিম সিরাজী, আল্লামা রুহুল আমীন উজামী ও মাওলানা মাহফুজুর রহমান। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বাসস।