নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে ৮ অক্টোবর রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির অভিযোগ, সরকার নিজেই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। আর এর দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে।গতকাল বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা ও অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা তিনটি মামলাকে ‘মিথ্যা ও বানোয়াট’ আখ্যা দেন এবং এসব মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। গত মঙ্গলবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পুলিশ আকস্মিকভাবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। ওই সময় ‘সরকারি মদদপুষ্ট’ কিছু ব্যক্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করেন তিনি। ফখরুল অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা ও দুর্নীতি আড়াল করতে নিজেরাই সংঘাত সৃষ্টি করছে। তারা শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা করছে। এর উদ্দেশ্য একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া। এরই ধারাবাহিকতায় তারা রামু, উখিয়া ও পটিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু সরকার একতরফাভাবে বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে যাচ্ছে। অথচ সরকারদলীয় লোকজনই ওই ঘটনায় জড়িত বলে শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে খবর এসেছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করা হয়েছে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।