গণভবনে ১১ জুলাই মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে আলোচনাকালে মুহাম্মদ ইউনূসকে নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু মন্তব্যের প্রতিবাদ করেছে ইউনূস সেন্টার। প্রতিবাদপত্রে ইউনূস সেন্টার বলেছে, প্রধানমন্ত্রীর বক্তব্যের ফলে মানুষের মনে ভুল ধারণার জন্ম হতে পারে।
প্রতিবাদপত্রে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইউনূসের ‘দুর্নীতি ও অনাচারের’ মিথ্যা তালিকা প্রচার দেশের ও বিদেশের মানুষকে বিশ্বাস করাতে পারেনি। একজন নাগরিককে ভণ্ড প্রমাণ করার পেছনে সরকার যতই তার মেধা ও অর্থ ব্যয় করছে, ততই নিজের দেশের সামনে, দুনিয়ার সামনে নিজেকে ভণ্ড প্রমাণ করে যাচ্ছে।
অধ্যাপক ইউনূস স্বার্থপর মানুষ ও নিজের স্বার্থ উদ্ধারের জন্য তিনি যেকোনো কাজ করতে পারেন—প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের ব্যাপারে প্রতিবাদপত্রে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস সারা জীবন গরিবের জন্য কাজ করেছেন, ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করেননি। তাঁর মালিকানায় ব্যবসাপ্রতিষ্ঠান নেই, কোনো কোম্পানিতে তাঁর শেয়ার নেই। তাঁর ‘সামাজিক ব্যবসা’র ধারণার মূল ভিত্তি পরার্থপরতা। প্রধানমন্ত্রীর কাছে স্বার্থপরতার একটি দৃষ্টান্ত জানতে চেয়ে প্রতিবাদপত্রে প্রশ্ন করা হয়েছে, ইউনূস কি গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছেন, নাকি এক লাখের বেশি ছেলেমেয়েকে চাকরি দিতে গিয়ে ঘুষ নিয়ে বড়লোক হয়েছেন?
ক্লিনটন ফাউন্ডেশনকে নরওয়ের টেলিনর কোম্পানির অর্থ প্রদান ও ইউনূসের জন্য নোবেল পুরস্কারের জন্য লবি করার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অত্যন্ত ক্ষতিকারক বলেছে ইউনূস সেন্টার। এ বক্তব্যে বিদেশি তিনটি প্রখ্যাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় রকম দুর্নীতির অভিযোগ এনেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একটি প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উদ্যোগে গড়া ক্লিনটন ফাউন্ডেশন। দ্বিতীয়টি নরওয়ে সরকারের মালিকানায় পরিচালিত টেলিনর। তৃতীয় প্রতিষ্ঠানটি হলো ‘নোবেল শান্তি পুরস্কার কমিটি’। ইউনূস সেন্টার বলছে, এই বক্তব্য প্রমাণ করার জন্য যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ লাগবে। তা না হলে দুটি বন্ধুদেশের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।
ওই দিন গণভবনে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, গরিবের জন্য তৈরি করা গ্রামীণ ব্যাংকের টাকা ড. ইউনূস গ্রামীণ শক্তি ও এ ধরনের অন্যান্য ব্যক্তিগত প্রতিষ্ঠানে সরিয়ে ফেলেছেন। এ ব্যাপারে ইউনূস সেন্টার বলেছে, বিধান অনুসারে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে ও দাতা সংস্থাগুলোর শর্তানুসারে টাকা ব্যবহার করেছে। অধ্যাপক ইউনূসের কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানই নেই, তাই ব্যক্তিগত প্রতিষ্ঠানে টাকা সরিয়ে ফেলার প্রশ্নই ওঠে না।
ইউনূস সেন্টার বলেছে, অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের টাকায় ‘ইউনূস সেন্টার’ প্রতিষ্ঠা করেছেন এবং তাঁর ভাইয়েরা ও আত্মীয়স্বজনেরা গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠান থেকে অনেক আর্থিক সুবিধা নিয়েছেন বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। ইউনূস সেন্টার সম্পূর্ণভাবে অধ্যাপক ইউনূসের নিজস্ব উপার্জনের টাকা দিয়ে চলে।
অধ্যাপক ইউনূসের ভাই মুহাম্মদ ইব্রাহীম নিজের যোগ্যতায় চারটি মুনাফাবিহীন গ্রামীণ কোম্পানির বোর্ডের সদস্য। আর কোনো ভাইয়ের সঙ্গে গ্রামীণ নামধারী কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নেই। অধ্যাপক ইউনূসের কোনো আত্মীয়স্বজনের সঙ্গে গ্রামীণ নামধারী কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।
ওই দিন প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, একটি শক্তিশালী দেশ অধ্যাপক ইউনূসকে মদদ দিয়ে এসেছে। ইউনূস সম্পর্কে সে দেশের মানুষ সব তথ্য জানার পর তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করতে সরকারের ওপর দিলে তাঁদের সরকার মুখ ফিরিয়ে নেবে, তখন অধ্যাপক ইউনূস যাবেন কোথায়?
প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে ইউনূস সেন্টার প্রতিবাদপত্রে বলেছে, অধ্যাপক ইউনূস কোনো এক বা একাধিক দেশের সমর্থনের ওপর নির্ভর করে কাজ করেন না। তিনি যেটা ভালো মনে করেন, সেটা করে যান। তাঁর কাজ দেখে যেমন এ দেশের মানুষ তাঁকে গভীরভাবে ভালোবাসেন, অন্য দেশের মানুষও তেমনি তাঁকে গভীরভাবে ভালোবাসেন। প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, সরকার বহু রকমভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। বিজ্ঞপ্তি।