সরকার নিজের পায়ে কুড়াল মারছে

জ্বালানি প্রশ্নে সরকার নিজের পায়ে কুড়াল মারছে। সরকারের হাত থেকে সেই কুড়াল নিয়ে নিতে হবে। সারা বিশ্বই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। এমন একসময় আসবে, যখন বাংলাদেশকে নিজেদের সৌরশক্তি বিদেশ থেকে কিনতে হবে। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
‘অদম্য এক বিপ্লব: শতভাগ নবায়নযোগ্য জ্বালানি-ভবিষ্যতের দিকে ধাবমান সারা বিশ্ব’ শীর্ষক এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সাজিদ কামাল। এতে সভাপতিত্ব করেন বাপার সহসভাপতি মানবাধিকারকর্মী সুলতানা কামাল। অনুষ্ঠানে বক্তব্য দেন গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক বদরুল ইমাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
অনুষ্ঠানে সৈয়দ আবুল মকসুদ বলেন, নবায়ন ও অনবায়নযোগ্য জ্বালানি নিয়ে পশ্চিমে অনেক কাজ হচ্ছে। এ দেশে সরকার কিছু করুক না করুক, জনগণ নিজ উদ্যোগেই সোলার প্যানেল নিয়ে কাজ করছে। তিনি বলেন, মৌলভীবাজার থেকে কুড়াল কিনে সরকার নিজের পায়ে আঘাত করছে। সরকারের হাত থেকে এই কুড়াল নিয়ে নিতে হবে।
তাঁর বক্তব্যের প্রতি সমর্থন দিয়ে সভাপতির বক্তব্যে সুলতানা কামাল বলেন, জ্বালানি প্রশ্নে সরকার নিজের পায়ে কুড়াল মারছে। তিনি আরও বলেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) স্বাক্ষর করেছে। সরকার পরিবেশ-প্রতিবেশ রক্ষার অঙ্গীকার করলেও বাস্তবে তা রক্ষা করছে না। অপরিপক্বতা বা কোনো গোষ্ঠীর স্বার্থরক্ষা—যে কারণেই সরকার এটি করুক না কেন, সচেতন নাগরিক হিসেবে এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। তা না হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
মূল বক্তব্য উপস্থাপন করে সাজিদ কামাল বলেন, অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জটিল ও আত্মহত্যার শামিল। জ্বালানি প্রশ্নে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু বিভিন্ন দেশ এখন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সোলার প্যানেল, বায়োগ্যাস, উইন্ড টারবাইন প্রভৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশেরও সম্ভাবনা আছে। একসঙ্গে কাজ করলেই সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে।
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সরকার সব সময় বিশ্বের দিকে তাকানোর কথা বলে। কিন্তু অনবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিশ্বের দিকে তাকায় না সরকার। কারণ, তাকালে দেখা যাবে, সারা বিশ্বই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। ভারত, চীন ও জাপান সেদিকেই যাচ্ছে। এমন একসময় আসবে, যখন বাংলাদেশকে নিজেদের সৌরশক্তি বিদেশ থেকে কিনতে হবে।
অধ্যাপক এম এম আকাশ বলেন, আজ অথবা কাল সৌরশক্তির দিকে যেতেই হবে। এর চেয়ে বরং সময় থাকতেই সে পথে যাওয়া উচিত।
অধ্যাপক বদরুল ইমাম বলেন, ঢাকায় বিভিন্ন ভবনের ছাদে সোলার প্যানেল আছে। কিন্তু সেগুলো কাজ করে না। এর ব্যর্থতার মূল কারণ ব্যবস্থাপনার সমস্যা। বাংলাদেশ সৌরশক্তির একটি বড় ক্ষেত্র। কিন্তু অন্যান্য দেশে হলেও এ দেশে সৌরশক্তি নিয়ে পর্যাপ্ত কাজ হচ্ছে না।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিদ্যুতের উৎস হিসেবে কয়লা সবচেয়ে বেশি পরিবেশদূষণকারী। রামপালে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। এটি ধ্বংস হয়ে গেলে আর ফেরত আনা যাবে না।