সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে না। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সংগঠনটির সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘটিত অনিয়মকে কেন্দ্র করে গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুজন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
হাফিজ উদ্দিন খান বলেন, ২০১৩ সালের পর এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। মানসম্মত নির্বাচন না হওয়ায় প্রার্থীরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে। এতে যোগ্য প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহী হবেন।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারছে না এটা স্পষ্ট। তাই নাগরিক হিসেবে আমরা শঙ্কিত। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে অবস্থা বেসামাল হয়ে যাবে। যাঁরা প্রার্থী হতে চান, তাঁরা যেন প্রার্থী হতে পারেন, সেটি দেখতে হবে।’
বদিউল আলম মজুমদার বলেন, ‘দলীয়ভাবে নির্বাচন হওয়ায় প্রার্থী কমে গেছে। আগে যাঁরা অরাজনৈতিক ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতেন, তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। কারণ, তাঁরা জানেন, জয়ের সম্ভাবনা ক্ষীণ। আগে নির্বাচনের সময় যত অনিয়ম হয়েছে, সেসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নিলে এখন অনিয়ম হতো না। এ রকম চললে পুরো নির্বাচনব্যবস্থা ভেঙে পড়বে। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। কারণ, তাদের ক্ষমতা অগাধ।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে মনোনয়নপত্র জমাদানে বাধা ও ছিনিয়ে নেওয়া, যাচাই-বাছাইয়ের সময় প্রভাবিত হয়ে বা অর্থের বিনিময়ে প্রার্থিতা বাতিল বা বৈধ করা, প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা ইত্যাদি অনিয়ম ঘটেছে। এর ফলে ২৫টি ইউপিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শতাধিক ইউপিতে বিএনপির প্রার্থীই নেই।