সরকার নির্বাচনী অঙ্গীকার থেকে সরে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের পাহাড়সমান সমস্যা সমাধানের নির্বাচনী অঙ্গীকার থেকে সরে গেছে বর্তমান সরকার। অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়ে এখন সংবিধান পরিবর্তনের নাটক শুরু করেছে মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য। গতকাল জাতীয় প্রেসক্লাবে জিয়া ব্রিগেড আয়োজিত ‘গণমাধ্যম বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে এখন দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে। কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ বেকার হচ্ছে। বিদ্যুৎ ও পানির সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিদেশ থেকে শ্রমিকেরা ফেরত আসছেন। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের এসব সমস্যা সমাধানের পদক্ষেপ না নিয়ে সরকার রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করছে। গণতন্ত্রের মূল কথা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।জামায়াত নেতাদের গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সারা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। যে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধিত এবং সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে, সেই দলের নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। হাইকোর্টের আদেশও মানা হচ্ছে না। মির্জা ফখরুল বলেন, মাহমুদুর রহমানকে যেভাবে পত্রিকার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তান আমলেও এমন হয়নি। এখন টেলিভিশনের টকশোও নিয়ন্ত্রণ করা হয়। ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নুরুল কবিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আসাফ-উদ-দৌলার পেছনে গোয়েন্দা লাগানো হয়েছে। এই দেশ কেউ চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, দেশে এখন গণতন্ত্রের ছদ্মাবরণে একনায়কতন্ত্র চলছে।