সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিজিআরের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ষ ছবি: বাসস
পিজিআরের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ষ ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শান্তি ও অগ্রগতি এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তাঁর সরকার সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। পিজিআর সদস্যদের যোগ্যতা, পেশাদারি ও নিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, তাঁরা বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দিনবদলের সনদ নিয়ে যাত্রা শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, জঙ্গি দমন, সুশাসন প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ও জ্বালানি-সংকট নিরসনের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও ইনশা আল্লাহ দেশের অগ্রগতি এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সব কিছুই করব।’ এর আগে প্রধানমন্ত্রী পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তিন বাহিনীর প্রধানেরা এবং পিজিআরের কমান্ড্যান্ট তাঁকে স্বাগত জানান। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কোয়ার্টার গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এ ছাড়া তিনি কর্মরত অবস্থায় নিহত পিজিআর সদস্যদের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী এ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।
রাশিয়া থেকে ১০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সংগ্রহের জন্য এযাবৎকালের বৃহত্তম অস্ত্র চুক্তি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘এ চুক্তির আওতায় আমরা খুবই কম দামে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করব।’
রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত আরও ১৪৪ পরিবারকে সহায়তা: প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে সাভারে রানা প্লাজা ধসে নিহত পোশাকশ্রমিকদের আরও ১৪৪টি পরিবারকে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএর নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আরও সংগঠন ও ব্যক্তি রানা প্লাজা ধসে নিহত ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক হস্তান্তর করেন। কাল লন্ডন যাত্রা: প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও বেলারুশে সপ্তাহব্যাপী সরকারি সফরে কাল সকাল নয়টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রথমে তিনি ৪ থেকে ৮ জুলাই যুক্তরাজ্য সফর করবেন। সেখান থেকে তিনি ৮ থেকে ১০ জুলাই বেলারুশ সফর করবেন। তিনি তুরস্কের ইস্তাম্বুল হয়ে ১১ জুলাই বিকেলে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।