সরকার নির্বাচনী প্রতিশ্রুতির কথা মনে করতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, মহাজোট সরকার তিন বছরে জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, সরকার হয়তো নির্বাচনী প্রতিশ্রুতির কথা মনেও করতে পারছে না। কেননা, তারা ভোটে নয়, ‘বস্তা বস্তা টাকা’ আর বিগত তত্ত্বাবধায়ক সরকারের সহায়তায় ক্ষমতায় এসেছে। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত ছাত্রসমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের প্রায় পৌনে এক ঘণ্টার বক্তব্যের বেশির ভাগজুড়ে ছিল সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। এ ছাড়া সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়েও বক্তব্য দেন তিনি। তবে কমিটি গঠনে সুনির্দিষ্ট দিনক্ষণের কথা বলেননি খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশকে খুশি করতে সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। অথচ দেশের পক্ষে কোনো পাওনা তারা আদায় করতে পারছে না। বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকার ভিন দেশের সাংস্কৃতিক আগ্রাসন মেনে নিচ্ছে। এটা প্রতিরোধে কিছু করছে না, বরং সিনেমা হলে বিদেশি চলচ্চিত্র প্রদর্শনীর সুযোগ দিয়ে হীন কাজ করেছে।তাদের সময় গঠিত র‌্যাব সন্ত্রাস দমনে ভূমিকা রেখে সুনাম কুড়িয়েছিল মন্তব্য করে খালেদা জিয়া বলেন, সেই র‌্যাবকে এখন বিরোধী দল দমনের জন্য ব্যবহার করা হচ্ছে। সরকারের প্রতি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ‘সাজানো নির্বাচন করার আত্মবিধ্বংসী পথ’ থেকে সরে আসার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। তিনি রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, ‘আপনি সংলাপে ডেকেছেন। আপনি সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি। তাই আমরা সংলাপে যাওয়ার ঘোষণা দিয়েছি। কিন্তু আপনাকে বলব, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেবেন না। এতে কোনো কাজ হবে না। আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করুন। তারপর নির্বাচন কমিশন গঠন করুন। তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনার এজেন্ডা রাখুন। তা না হলে সংলাপ ফলপ্রসূ হবে না।’ বিরোধীদলীয় নেতা সরকারের বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধের ‘রাজনৈতিক বাণিজ্যিকীকরণের’ অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী বলছে সরকার। তাহলে তো মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রধান স্বৈরাচারী এরশাদও স্বাধীনতাবিরোধী। মুক্তিযুদ্ধের সময় তাঁর ভূমিকা সম্পর্কে খোঁজ করুন। তাহলে দেখবেন তিনিও স্বাধীনতার পক্ষে ছিলেন না।’ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলা থেকে ছাত্রনেতারা অনুষ্ঠানে আসেন। সকাল থেকেই অনুষ্ঠানস্থল পরিণত হয় বর্তমান ও পুরোনো নেতাদের মিলনমেলায়। তবে অন্যান্যবারের তুলনায় এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রজমায়েত ছিল অনেক কম। নতুন কমিটি নিয়ে বর্তমান প্রজন্মের নেতাদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। কিন্তু খালেদা জিয়া তাঁর বক্তব্যে নতুন কমিটি গঠনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি। তিনি বলেন, নতুন বছরে নতুন কমিটি হবে ছাত্রনেতাদের জন্য উপহার। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ।