সরকার নির্বাচনে সন্ত্রাসের মহাযজ্ঞ চালিয়েছে: রিজভী

তৃতীয় দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট কারচুপি ও সন্ত্রাসের মহাযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন রিজভী।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ভোট কারচুপি ও নির্বাচন কমিশনের ন্যক্কারজনক আচরণের প্রতিবাদে তাঁদের দল শিগগির কর্মসূচি নির্ধারণ করবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির যে আশঙ্কা করা হয়েছিল, সরকার সেগুলোই বাস্তবায়িত করেছে। ২০ থেকে ২৫টি উপজেলা তারা দখল করে নিয়েছে। নির্বাচনে মন্ত্রী, এমপি ও তাঁদের এপিএসরাও প্রভাব বিস্তার করেছেন।
নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সারা দেশের মানুষ দেখেছে ভোটে কীভাবে কারচুপি হয়েছে। অথচ নির্বাচন কমিশন উল্টো কথা বলছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচন ছিল শান্তিপূর্ণ। দ্বিতীয় ধাপে অল্প কিছু এলাকায় সহিংস ঘটনা ঘটেছিল। আর গতকাল শনিবার তৃতীয় ধাপে সহিংসতা ও ভোট জালিয়াতি মাত্রা ছাড়িয়েছে।
গতকাল ৮১টি উপজেলায় ভোট গ্রহণকালে সহিংসতায় বাগেরহাট সদর ও শরীয়তপুরের নড়িয়ায় দুজন নিহত হয়েছেন। বিভিন্ন এলাকায় ব্যালট ছিনতাই ও সংঘর্ষে আহত হয়েছেন দুই শতাধিক। এ ছাড়া নেত্রকোনার মদন উপজেলায় ২৩ মার্চ ভোট গ্রহণ। গতকাল সেখানে নির্বাচনী সহিংসতায় একজন মারা যান। ফলে নির্বাচনী সহিংসতায় গতকাল তিনজনের মৃত্যু হলো।
নির্বাচনে ভোট কারচুপি ছাড়াও কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, এজেন্টদের বের করে দেওয়া, জোর করে সিল মারার ঘটনাগুলো সরকার ও নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে।