বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকার নির্যাতন ছাড়া অন্য কিছু বোঝে না। তারা গণতন্ত্র চায়, কিন্তু বিরোধী দল চায় না। আদালত চায়, কিন্তু ন্যায়বিচার দেখতে চায় না। আজ আমরা তারই শিকার হচ্ছি।’ গ্রেপ্তারের ১৪ দিন পর গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে কারাফটকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মওদুদ বলেন, ‘আমি সরকারের কাছে আহ্বান জানাব, বিরোধী দলের ওপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, দমননীতি পরিহার করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের অঙ্গীকার করুন। আগামী নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের জন্য দেশে এখন জনমত সৃষ্টি হয়েছে।’ এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির খান, মুজিবুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক আফি হোসেন হাওলাদার, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন-উর রশিদ, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, ছাত্রদলের নেতা মিল্টন খন্দকার, ফরিদ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতাদের মুক্তির খবরে সকাল থেকেই বিএনপির শত শত নেতা-কর্মী কারাফটকে জড়ো হন। মুক্তি পাওয়ার পর তাঁরা নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মওদুদ আহমদ মুক্তি পাওয়ার কিছুক্ষণ আগে জামিনে ছাড়া পান বিএনপির যুগ্ম মহাসচিব মো. বরকত উল্লা ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী। কাশিমপুর কারাগার পার্ট-১-এর কারাধ্যক্ষ নেছার আলম জানান, জামিনের কাগজ রোববার রাতে কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে গতকাল সকালে তাঁদের মুক্তি দেওয়া হয়।