সরকার নির্লজ্জের মতো বিলবোর্ড দখল করেছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত সাড়ে চার বছরে যুবলীগ-ছাত্রলীগ সারা দেশে পুকুর-খাল, নদী-নালা, সরকারি জমি, দোকান-বাড়ি দখল করেছে। এবার সরকার নিজেই নির্লজ্জের মতো রাজধানীর সব বিলবোর্ড দখল করেছে।’ খালেদা জিয়ার ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ‘জন্ম-উত্সব’ পালন করছে বিএনপি। সাত দিন ধরে খালেদা জিয়ার জন্ম-উত্সব উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী জন্ম-উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘সরকারের নির্লজ্জ অগণতান্ত্রিক আচরণ এখন দেশ ছাড়িয়ে এখন গোটা বিশ্বে ব্যাপকভাবে নিন্দিত। তারা অগণতান্ত্রিকভাবে অধিকারের সম্পাদক ও মানবাধিকার কর্মী আদিলুর রহমানকে রাতের আঁধারে গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে। তাঁর অপরাধ, তিনি হেফাজতের সমাবেশে ৬১ জন নিহতের কেন প্রতিবেদন প্রকাশ করেছেন। সরকারের এই স্বৈরাচারী আচরণে গোটা বিশ্বের মানুষ সোচ্চার হয়ে উঠেছেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলো আদিলুরের মুক্তি দাবি করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগ হরতাল করেছিল। এখন সংসদে সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় তারা বলছে, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। কারণ একটাই, সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে তারা জেনে গেছে আগামী নির্বাচনে তাদের অস্তিত্ব থাকবে না। তবে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ, সাংসদ আবদুল মোমেন তালুকদার, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।