সরকার পতনে গণতন্ত্র মঞ্চ করবে বিএনপি: নোমান
সরকার পতনের লক্ষ্যে চট্টগ্রামে গণতন্ত্র মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, নগরের স্টেডিয়ামের পাশে এ মঞ্চ তৈরি করে এখান থেকে আওয়ামী লীগ সরকারকে হটানোর আন্দোলনকে উজ্জীবিত করা হবে। নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল মঙ্গলবার নগরের কাজীর দেউড়ির মোড়ে চট্টগ্রাম মহানগর যুবদল-ছাত্রদল আয়োজিত এক সমাবেশে নোমান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার পতনের জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যের। খালেদা জিয়া বিশ্বাস করেন, চট্টগ্রামের জনগণ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেবেন। যতক্ষণ পর্যন্ত সরকারকে হটানো না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি রাস্তায় থাকবে।
নোমান বলেন, ‘এর আগেও আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চ করেছিলাম। তারা এখন জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় এবং তারা গণতান্ত্রিক অধিকার হরণ করছেও। এর বিরুদ্ধে প্রয়োজনে আবারও গণতন্ত্র মঞ্চ স্থাপন করব। নির্দলীয় বা অন্তর্বর্তীকালীন সরকার যা-ই বলা হোক, সেটি প্রতিষ্ঠা করব।’ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছিরউদ্দিন বলেন, বিএনপিকে প্রতিহত করার কোনো শক্তি আওয়ামী লীগের নেই। এখন থেকে চট্টগ্রামে বিএনপির রাজত্ব চলবে। নগর যুবদলের সভাপতি কাজী বেলালউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ প্রমুখ। সমাবেশ শেষে কাজীর দেউড়ি থেকে শুরু করে নিউমার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে নগর যুবদল ও ছাত্রদল।