সরকার পতনের আন্দোলনে শামিল হতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের দলীয় কার্যালয় নাসিমন ভবনে সমাবেশে তিনি এ আহ্বান জানান।সারসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপি গতকাল বিকেলে এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি এম শামসুল আলম। সভা শুরুর সময় দলের কয়েকজন কর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দলের নেতা-কর্মীদের মধ্যে কোন্দল দেখে মোরশেদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার পতনের আন্দোলনে যেন চট্টগ্রাম পিছিয়ে না পড়ে। আমাদের মধ্যে গ্রুপিং থাকলে শহীদ জিয়ার অন্তর ব্যথা পাবে।’বিএনপির কয়েকজন নেতাকে ইঙ্গিত করে বিগত জোট সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা দুর্বল প্রকৃতির নেতা, তাঁরাই গ্রপিং করেন। নেতারা গ্রুপিং করবেন আর কর্মীরা মূল্য দেবেন, এটা হতে পারে না।’সরকারের কঠোর সমালোচনা করে মোরশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের দরকার ছিল, একটি বড় এতিমখানা। এ এতিমখানায় মেনন-ইনুরা যোগ দিয়েছেন। তাঁদের মতো নেতারা তো দেশ চালাতে পারেন না।’ তিনি বর্তমান মন্ত্রিসভার সদস্যদের ‘রাজনৈতিক পরগাছা’ বলে উল্লেখ করেন। মোরশেদ খান বলেন, ‘রাজনৈতিক নেতাদের চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ। এ কারণে অনেক ব্যবসায়ী রাজনীতিতে আসতে বাধ্য হয়েছেন।’ মোরশেদ খান সরকারের বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক করে দিয়ে বলেন, ‘আজ এ সভায় অনেকে আমাদের খোঁজখবর নিচ্ছেন। জনগণের মনোভাব বুঝে তাঁদের কাজ করতে হবে। সরকারের দালালি করলে পরিণতি ভালো হয় না। তাই তাঁদের বলছি, আপনারা উচ্চচাপ দেখেছেন, নিম্নচাপ দেখেননি।’