নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিলে সঙ্গে সঙ্গে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল সোমবার রাতে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিকল্পধারা বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বিরোধীদলীয় নেতার গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে খালেদা জিয়া এ কথা বলেন।
বৈঠক সূত্র জানায়, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাধারণ মানুষের দুর্ভোগ ও শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে ১৮-দলীয় জোটের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় খালেদা জিয়া বলেন, ‘সরকার নির্দলীয় সরকারের ব্যাপারে পদক্ষেপ নিলে আমরা তৎক্ষণাৎ হরতাল প্রত্যাহার করব।’
রাত সাড়ে আটটার দিকে কাদের সিদ্দিকী ও বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের নেতৃত্বে দুই দলের ১৪ জন নেতা খালেদা জিয়ার বাসায় যান। তাঁরা প্রায় আধ ঘণ্টা কথা বলেন।
পরে কাদের সিদ্দিকী প্রথম আলো কে বলেন, ‘বিরোধী দলের নেতার বাসায় পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে পত্রিকায় খবর দেখেছি। তাই তাঁকে সহমর্মিতা জানানোর জন্য গিয়েছি। এ ছাড়া আমরা বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহারের জন্য অনুরোধ করেছি।’
বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।