‘গত ২১ বছরে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের কোনো উন্নয়ন হয়নি। দুই নেত্রী দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। তাই আগামীতে ৩০০ আসনে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করে দিতে চাই, দেশবাসী আমাকে এবং জাতীয় পার্টিকে কতটা ভালোবাসে।’গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা বাজারে আয়োজিত এক পথসভায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, ‘দেশের মানুষ ভালো নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। জীবনযাত্রার মান কমছে। আমরা ক্ষমতায় এলে এর পরিবর্তন হবে।’বরিশাল-ঢাকা মহাসড়কের বেহালদশার কথা উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের অবস্থা এভাবে থাকতে পারে না। সড়ক দেখলে মনে হয়, এটি ধানখেত। গাড়ির চাকা খুলে পড়ার মতো অবস্থা। যোগাযোগমন্ত্রীর উদ্দেশে এরশাদ বলেন, ‘আবুল হোসেন তুমি এসে দেখ, তোমার নিজের এলাকার রাস্তা দিয়ে চলতে গেলে গাড়ির চাকা খুলে যায়। যে মন্ত্রী নিজের এলাকার খবর রাখে না, তাকে দিয়ে দেশের উন্নয়ন কী করে সম্ভব?’পদ্মা সেতু প্রসঙ্গে এরশাদ বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য যে সাহস ও শক্তির প্রয়োজন, তা এ সরকারের নেই। তিনি বলেন, ‘আমার সময়ে মেঘনা-যমুনা সেতুসহ ৮০৮টি সেতু নির্মাণ করেছি। কথা দিচ্ছি, ক্ষমতায় গেলে দেশে একটি ফেরিও থাকবে না। দুই বছরের মধ্যে পদ্মা সেতু নির্মাণ করা হবে।’উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইউনূছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সাইদুর রহমান, মেজর (অব.) আবদুল খালেক, সুনীল শুভ রায় প্রমুখ।পিরোজপুর প্রতিনিধি জানান, স্বরূপকাঠীর নেছারাবাদে এক মাহফিলে এরশাদ বলেন, ‘আমাকে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ দিন। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। বাকি জীবন আপনাদের সেবা করে যেতে চাই।’ তিনি বলেন, ‘আমার শাসনামলে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছিল। ইসলামে জঙ্গিবাদের ঠাঁই নেই, ইসলাম শান্তির ধর্ম।’এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো. শাহ আলম উপস্থিত ছিলেন।