ভয়ভীতি সৃষ্টি করে সরকার একতরফা নির্বাচনের ফন্দি আঁটছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী জোনায়েদ সাকি।
গতকাল মঙ্গলবার বিভিন্ন এলাকায় জনসংযোগকালে পথসভায় জোনায়েদ সাকি এ কথা বলেন। তিনি ২৮ তারিখ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের অধিকার রক্ষা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।
জোনায়েদ সাকির অভিযোগ, সরকার অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে চায়। সে কারণেই খালেদা জিয়ার গাড়িবহরে সরকারি উসকানিতে হামলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের কোনো উদ্যোগও প্রশাসন নেয়নি। তিনি অভিযোগ করেন, রাজধানীর উত্তরা, ইব্রাহিমপুর, ইস্কাটন, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তাঁর নির্বাচনী প্রতীক টেলিস্কোপ মার্কার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
সাকি সকাল সাড়ে ১০টায় বাড্ডার রিং রোড থেকে গুলশানের শাহাজাদপুর এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। দ্বিতীয় দফায় বিকেল সাড়ে তিনটায় মহাখালী ওয়্যারলেস থেকে শুরু করে সাততলা বস্তি, টিঅ্যান্ডটি কলোনি হয়ে মহাখালীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আবুল হাসান, শ্রমিকনেতা বাচ্চু ভূঁইয়া, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, প্রবীর সাহা প্রমুখ।