স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার শান্তি প্রতিষ্ঠাসহ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।গতকাল বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিডিআরের সাজেক বিওপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম, পরিচালক (অপারেশন) কর্নেল হাফিজুর রহমান, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার আহমেদ, মারিশ্যা ৬ রাইফেলস ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল শামীমুর রহমান প্রমুখ এ সময় তাঁর সঙ্গে ছিলেন। মন্ত্রী সাজেক এলাকার উন্নয়নে পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।পরে তিনি বিশেষ হেলিকপ্টারযোগে রাঙামাটির দোকশাপাড়া সিআইও ক্যাম্প, রাজানগর ব্যাটালিয়ন ও থেগা মুখ বিওপি পরিদর্শনে যান। বাসস।