সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে বরং লঙ্ঘন করছে
বান্দরবানে পার্বত্য চুক্তির ১৭ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে জনসংহতি সমিতি (জেএসএস) মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে জেএসএসের নেতারা অভিযোগ করেছেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে চুক্তি লঙ্ঘন ও পার্বত্যবাসীর সঙ্গে প্রতারণা করছে।
গতকাল মঙ্গলবার বেলা দুইটায় জেলা শহরের পুরোনো রাজবাড়ী মাঠে জেএসএস বান্দরবান সদর উপজেলা শাখার সভাপতি উশৈচিং মার্মার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মার্মা। আরও বক্তব্য দেন জেএসএস কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জলিমং মার্মা, জেলা কমিটির সহসভাপতি উছোমং মার্মা, বান্দরবান সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ওয়াইচিং মার্মা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি মংস্তু মার্মা, কলেজ শাখা সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা প্রমুখ।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগ দুই-দুবার সরকার গঠন করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে পার্বত্যবাসীর সঙ্গে প্রতারণা করেছে। পার্বত্য চুক্তি লঙ্ঘন করে পার্বত্যবাসীর স্বার্থবিরোধী পার্বত্য জেলা পরিষদ সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন প্রণয়ন করেছে।