নিষেধাজ্ঞা জারি করে পল্টন ময়দানে জনসভা করতে না দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গতকাল মঙ্গলবার রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ-সমাবেশ করেছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, ১৪৪ ধারা দিয়ে জনগণের রোষানল থেকে সরকার রেহাই পাবে না। আর বেশি দিন নেই, সরকার পালানোর পথ পাবে না।গতকাল বিকেলে কাকরাইল মোড় থেকে শুরু হয়ে মিছিলটি মৌচাক মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান। এ সময় আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম বলেন, ‘১৪৪ ধারা দিয়ে জনগণের রোষানল থেকে রক্ষা পাওয়া যাবে না। সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ হয়েছে। সরকার পালানোর পথ পাবে না।’ এ সময় জামায়াতের মহানগর কমিটির সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম, মাওলানা আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।