জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, সরকার পিলখানার ঘটনার নেপথ্য নায়কদের বাঁচানোর চেষ্টা করছে। ৭০ বছর পর হলেও জনগণ এর বিচার করবে। বিডিআর বিদ্রোহের চলমান বিচার-প্রক্রিয়াকে তারা নাটক আখ্যা দিয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে গতকাল শুক্রবার বিকেলে মগবাজারের আল ফালাহ্ মিলনায়তনে স্মরণ সভা করে ঢাকা মহানগর জামায়াত। সভায় দলের নেতারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ড গভীর ষড়যন্ত্রের অংশ। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। তাই এ ঘটনার জন্য যারা দায়ী, তাদের প্রধানমন্ত্রী চেনেন। কিন্তু সরকার তাদের নাম প্রকাশ করছে না। এতে প্রমাণ হয়, সরকারের উচ্চমহল এ ঘটনার সঙ্গে জড়িত।’মকবুল আহমাদ বলেন, ‘বিডিআরের নাম ও পোশাক পরিবর্তন করা হয়েছে কার স্বার্থে। এটা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা কি না, তা চিন্তা করতে হবে।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সরকারকে উদ্দেশ করে বলেন, ‘৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার বিচার যদি ধামাচাপা দেন, তাহলে ৭০ বছর পরও জনগণ এর বিচার করবে।’ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনা তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি করেন।