সরকার পুরো দেশকে ভয়ের চাদরে ঢেকে দিয়েছে: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার পুরো দেশকে একটা ভয়ের চাদরে ঢেকে দিয়েছে। কাউকে কথা বলতে দিচ্ছে না। তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন, একবার ক্ষমতা পেয়েছি, ওই ক্ষমতার দাপটে টিকে থাকব। তাহলে তাঁরা বোকার স্বর্গে বাস করছেন।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত মানববন্ধনে মান্না এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গণস্বার্থের বিপক্ষে রাজনীতি করিনি, বিশৃঙ্খলা করিনি, ষড়যন্ত্র করিনি। কোনো ছলচাতুরী করে নির্বাচনের নামে ক্ষমতা দখলের কায়দাও করিনি। যাঁরা মনে করছেন, একবার জিতে পুলসিরাত পার হয়ে গেছেন; যাঁরা মনে করছেন, রাজনৈতিক দলগুলো সব মাথা নুয়ে ফেলেছে, তাঁরাও ভুল করছেন।’
সরকারকে উদ্দেশ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রিন্ট বলেন, ইলেকট্রনিক বলেন—সব গণমাধ্যমের ওপর অকথিত, অঘোষিত সেন্সর চালু করে দিয়েছেন। এই রকম করে টিকে থাকা যাবে না। যদি মনে করেন মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কণ্ঠ বন্ধ করে দিতে পারবেন, ওই কণ্ঠগুলো বন্ধ হবে না।’
অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে মান্না বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যে যুক্তি দিয়েছে, ইতিমধ্যে তা মিথ্যায় প্রতিপন্ন হয়েছে। তিনি বুধবার সিপিবি-বাসদের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক (রতন), নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য মমিনুল ইসলাম, জিল্লুর রহমান, শহিদুল্লাহ কায়সার প্রমুখ।