সরকার পুলিশ র্যাবকে ঘাতক বাহিনী হিসেবে ব্যবহার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পুলিশ-র‌্যাবকে ঘাতক বাহিনীতে পরিণত করে ব্যবহার করছে। গুম করা সরকারের দৈনন্দিন কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে বিরোধী দলের নেতা-কর্মীদের ‘পৈশাচিকভাবে’ হত্যা ও অপহরণ করা হচ্ছে। অবৈধ সরকারের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী বিরোধী নেতা-কর্মীদের হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় এবং গুম করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জীবনবিনাশী অপকর্মে শাসকগোষ্ঠী নিজেদের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগ ছাড়াও পুলিশ-র‌্যাবকে ঘাতক বাহিনীতে পরিণত করে ব্যবহার করছে। মুজিবুর রহমান নিখোঁজ হওয়া বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দৃষ্টান্ত। এখন মানুষের বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে।
বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও গুম করে আওয়ামী লীগ নিজেদের রক্ষা করতে পারবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তাদের ক্ষমতাভিলাষ চরম পরিণতি বরণ করবে। আরেক বিবৃতিতে তিনি কক্সবাজার জেলা বিএনপির নেতা হাজি মো. সৈয়দকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান।