
পোশাকশিল্পে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ওই শিল্পে কর্মরত শ্রমিকেরা। গত কয়েক দিনের ওই বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অনেক লোক হতাহত হয়েছে। এসব বিষয় নিয়ে গতকাল বুধবার একটি সম্পাদকীয় ছেপেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’। প্রথম আলো ডটকমের পাঠকদের জন্য সেই সম্পাদকীয়টি প্রায় হুবহু বঙ্গানুবাদ করা হলো।
পোশাকশিল্পে তিন বছর আগে বাড়ানো ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সম্প্রতি অসংখ্য শ্রমিক বিক্ষোভ করেছেন। সরকার শ্রমিকদের দুর্দশার প্রকৃত চিত্র আমলে না নিয়ে বিক্ষোভের প্রতিক্রিয়া দেখিয়েছে তাঁদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়তে পুলিশকে নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে।
সরকারের এই বিস্ময়কর প্রতিক্রিয়ার মাধ্যমে পোশাকশিল্পের সমস্যার প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ দেশটির নেতাদের নিস্পৃহতার বিষয়টি পরিষ্কার হয়েছে।
অনবরত মুদ্রাস্ফীতি থাকা সত্ত্বেও ২০১০ সাল থেকে সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৮ ডলার থেকে বাড়ায়নি। ২০০৬ সালে প্রথম ওই বেতন বাড়ানো হয়েছিল। শ্রমিকেরা তাঁদের ন্যূনতম মজুরি প্রায় তিন গুণ বাড়িয়ে ১০০ ডলারে উন্নীত করার দাবি জানিয়েছেন। আর কারখানার মালিকেরা প্রস্তাব দিয়েছেন ৪৬ ডলার। কিন্তু তাঁরা (মালিকেরা) বেশি দিতেই পারেন। কারণ চীনে পোশাকশ্রমিকদের মজুরি বেশি হওয়ায় ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের পোশাক কোম্পানিগুলো তাদের ব্যবসা বাংলাদেশে সম্প্রসারণ করছে। এতে করে বাংলাদেশে তৈরি পোশাকের বাজার সম্প্রসারিত হয়েছে।
গত বছর বাংলাদেশ পোশাক রপ্তানি করে ১৯ বিলিয়ন ডলার (এক হাজার ৯০০ কোটি) আয় করে, যা দুই বছর আগের তুলনায় দ্বিগুণ।
বিশ্বে শ্রমিকদের কম বেতন দেওয়া দেশগুলোর একটি বাংলাদেশ। সাড়ে ১৫ কোটি জনসংখ্যার দেশটির অনেক অদক্ষ লোক গ্রামে থেকে দারিদ্র্য ভোগ না করে পোশাক কারখানাগুলোতে চাকরি নেন। কিন্তু সরকার তাঁদের কম মজুরি পেতে ভূমিকা রেখেছে। আর বাংলাদেশের আইনপ্রণেতারা (সাংসদ বা মন্ত্রী) মালিকদের সঙ্গে মিলে শ্রমিকদের ইউনিয়ন করা থেকে বিরত রাখার চেষ্টা করছেন, যাতে করে শ্রমিকেরা মজুরি বাড়ানোর চেষ্টা না করতে পারেন।
শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য দর-কষাকষি করতে সমন্বিত চুক্তিও (আইন) খুব কম। সম্প্রতি অনুমোদন পাওয়া শ্রম আইনও শ্রমিকদের বেতন বাড়াতে খুব একটা ভূমিকা রাখবে না। যথাযথ আইন না থাকায় শ্রমিকেরা কেবল কম বেতনই পাচ্ছে না, তাঁদের কর্মপরিবেশও কম নিরাপদ হচ্ছে।
চলতি বছরের এপ্রিলে রাজধানীর অদূরে একটি দুর্বল ভিত্তির কারখানা (সাভারে রানা প্লাজা) ধসে এক এক হাজার ১০০-র বেশি শ্রমিক মারা যান। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে আগুনে পুড়ে মারা গেছেন শত শত শ্রমিক।
এ অবস্থায় শ্রমিকেরা রাস্তায় নামলে বিস্ময়ের কিছু থাকে না। সাম্প্রতিক ওই বিক্ষোভে দুই লাখের বেশি শ্রমিক যোগ দিয়েছেন এবং তাঁদের অনেকেই সহিংস আচরণ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা একজনের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর শত শত কারখানা বন্ধ হয়ে যায়। এ ছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে বিপুলসংখ্যক শ্রমিক আহত হন।
উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষোভকারী ও পুলিশ উভয়েরই সংযত আচরণ করা উচিত। তবে বেশির ভাগ নিরস্ত্র বিক্ষোভকারীকে শান্ত করার প্রথম পদক্ষেপ হিসেবে হাসিনা সরকারের উচিত তাঁদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও রবার বুলেট ব্যবহার বন্ধ করা। পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের (সরকার) উচিত মুদ্রাস্ফীতির সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি বাড়ানো। একই সঙ্গে কর্মক্ষেত্রে ট্রেড ইউনিয়ন (শ্রমিক সংঘ) করার সুযোগ দেওয়ার পথও সহজ করতে হবে সরকারকে।
কারখানার নিরাপত্তা উন্নয়নে পশ্চিমা কোম্পানিগুলোকে তাগিদ দিতে শ্রমিক সংগঠনগুলোর নেওয়া উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ প্রক্রিয়া (কারখানার কর্মপরিবেশ উন্নয়ন) আসন্ন মাসগুলোতে শুরু করা দরকার।
সুইডেনের খুচরা পোশাক ক্রেতাপ্রতিষ্ঠান এইচঅ্যান্ডএমসহ কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে সরকারকে তাগিদ দিয়েছে। আরও পশ্চিমা কোম্পানির উচিত এইচঅ্যান্ডএমকে অনুসরণ করা। বাংলাদেশের কারখানায় শান্তি আনতে তাদের (পশ্চিমা কোম্পানি) সবারই ভূমিকা আছে যেটি (শান্তি) বেতন বাড়ানো ছাড়া নিশ্চিত হবে না।