প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে এবং পৌরসভা নির্বাচনে এর প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত শান্তিপূর্ণভাবে কোনো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দেশের কোথাও নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সরকার কোনোভাবেই পৌরসভা নির্বাচনে হস্তক্ষেপ করেনি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে এই নির্বাচন পরিচালনা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় সফররত কানাডার আন্তর্জাতিক সহযোগিতামন্ত্রী বেভারলি জে ওডার সঙ্গে গণভবনে বৈঠককালে শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসেরপ্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, কানাডার মন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের উন্নয়ন খাতগুলোতে কানাডার সহযোগিতা নিয়ে আলোচনা হয়।বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে জে ওডা বলেন, বর্তমান সরকারের অধীনে গত দুই বছরে যে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। ওডা বাংলাদেশের কৃষি, নারী ও শিশুদের উন্নয়নে তাঁর সরকারের সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।আলোচনাকালে শেখ হাসিনা জনগণের জীবনের মানোন্নয়নে নেওয়া তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সেসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সফররত কানাডার মন্ত্রীকে অবহিত করেন। এ প্রসঙ্গে তিনি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা, ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকদের উৎসাহিত করা এবং ঝরে পড়া বন্ধ করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের খাদ্য সরবরাহ করার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভি, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও বাংলাদেশে কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল উপস্থিত ছিলেন।